book excerptise:   a book unexamined is wasting trees

bijayA mukhopAdhyAy

bijayA mukhopAdhyAyer shreShTa kabitA

mukhopAdhyAy, bijayA (Vijaya Mukhopadhyay বিজয়া মুখোপাধ্যায়);

bijayA mukhopAdhyAyer shreShTa kabitA (বিজয়া মুখোপাধ্যায়ের শ্রেষ্ট কবিতা)

de's publishing 1990

topics: |  poetry | bengali | gender | women

সঙ্গী} (saMgI)


	আমি যার সঙ্গে নিত্য বসবাস করি
	তার নাম প্রেম নয়, উদ্বেগ ।
	প্রেম অতিথির মত
	কখনও ঢুকে পড়ে অল্প হেসে,
	হঠাত্ অদৃশ্য হয়ে যায়.

	তারপর সারাক্ষণ
	আমরা কেউ আর উদ্বেগ
	আমরা একজন আর উদ্বেগ
	বসবাস করি
	রাত থেকে দিন, দিন থেকে রাত।

যোগ্যতার জন্য (JogyatAr janya)


সমস্ত বাহু খুলে রাখলাম।
তুলে নিলাম ঘোমটা, সোনার টিয়ারা সিঁথিমৌর।
এই নাও সোনালি রিবন, রেশমি ঝালর, মুক্তোর কাঁটা ।
আর এই রাখলাম তোমার পায়ের একপাশে আমার ভুল,
অন্যপাশে অহংকার ।

এবার আমি নিরাভরণ ।
আমার মাথায় রাখো তোমার পাঁচ আঙুলের ছাপ
সিঁথিতে সমান্তরাল করো তোমার অক্ষয় তর্জনী ।
মা, এবার তোমাকে ছুঁয়ে যাব আমি নির্বাসনে
অপেক্ষা করব নতশির
যতদিন না এই মহীয়ান জন্মের যোগ্য হয়ে উঠতে পারি

হিমঘরের মাছ (himgharer mAchh)

 
একদিন রাতে
পদ্মানদী চুরি হয়ে গেল ।
তার সঙ্গে
গোয়ালন্দ ঢাকা মেল

তারপাশা খাল নৌকো
বিকেল বিকেল বাড়ি --
সব চুরি গেল ।

তখন ভেবেছি বুঝি বাঁচব না
তারপর কতদিন ধরে
ধীরে ধীরে চুরি হল
স্বপ্ন স্মৃতি প্রাণ ।
দিব্য বেঁচে আছি ।

তুমি এলে কবিতা (tumi ele kabitA)


তুমি এলে বৃষ্টি নামে
বৃষ্টি নামে হৃদয়ে
রোমাঞ্চে আঙুল কাঁপে ঘাসের শিষের মতো
বন্ধ পত্রপুট গভীর প্রত্যয়ে খুলে যায়
তুমি এলে বৃষ্টি নামে
হৃদয়ে ।

মীরাদি (mIrA-di)


	মীরাদি,
	তুমি যদি সুন্দরী নও তো সে কে ।
	খাতা দেখছ বসে
	শেষ বিকেলের রোদ দেয়ালে ছড়ানো
	তোমার গালে গ্রিলের ছায়া পড়েছে
	ইচ্ছে করছে
	আমার হৃদয় বেটে মিশিয়ে দিই
	ওই গালে
	কপালে চিবুকে ।
	    মীরাদি, তোমার
	যেটুকু প্রকাশ্যে দেখি --
	বিষাদের চন্দনে নিলীন,
	আমাকে একান্তে বলো
	অন্তরালে আরও কি সুগন্ধ আছে ।
	কার জন্য ব্রতবদ্ধ তুমি এতকাল
	সে কি অন্ধ পাষাণপ্রতিমা,
	বলো তার নামপরিচয়
	পাথর ঝরাব আমি
	কিন্তু তারপর
	তো‌মার চন্দন যদি ফুরোয় মীরাদি --
	ফুরোবেই,
	তখন আমার দিন কাটবে কি করে ।

পুঁটিকে সাজে না (punTike sAje nA)


বিশ্বের সমস্যাপূরণের ভার
তোকে দেওয়া হয়নি, পুঁটি ।
ভারতবর্ষ বোমা বানাবে কিনা
আমেরিকা ভিয়েতনাম ছাড়বে কবে
অটোমেশনের বিরুদ্ধে গণস্বাক্ষর জরুরি --
এ সব ভাবনা তোর নয় ।
বিকেলে গা ধুয়ে তুই খোঁপা বাঁধ
লক্ষ্মীবিলাস তেল দিয়ে,
মাসির দেওয়া পার্ল পাউডার
মুখে আলতো করে মাখ
কাগজ পোড়ানো ঝুরো টিপ পর কপালে
সন্ধ্যামালতীর থোকা গুঁজে দে খোঁপায়
বর্ষায় ঘন সবুজ শাড়ি
তোকে মানায় ভালো ।

পুঁটি, তোর এ বয়সে
প্যাঁচামুখ সইতে পারি নে --
এ কি তোর বাড়াবাড়ি নয়
উল্ফ-এর তুই কী বুঝিস
পিকিং পার্জ-এ তোর এসে যায় কী ।
তুই তোর ঘর গুছিয়ে নে
প্রদীপের সলতে পাকা
মনে রাখিস পুঁটি
এই তোকে ছেলে মানুষ করতে হবে
ধিঙ্গিপনা তোকে কি সাজে, ছি ।

পাঁচ ফুট নির্জনতা (panch fuT nirjanatA)


আমি তাকে এখনও দেখি নি
স্টেটবাসে যে সমস্ত লোভী পুরুষেরা
ঝুঁকে পড়ে গায়ে আর মুখরা প্রৌঢ়ার
কটাক্ষ ও রসনার বাণে বিদ্ধ হয়
সে কি তারই মধ্যে ছিল ।

হয়তো এমন হবে, নিরুপায় ভিড়ে
তারই বক্ষলগ্ন হয়ে গেছি স্টপ ছেড়ে
বহু দূর, আমি তাকে তবুও ছুঁইনি ।

হতে পারে, একদিন ফোনে ডেকেছিল
   কী ভুল নম্বর ভেবে বিমুখ হয়েছি
           স্বরলিপি কান পেতে শুনেও শুনি নি ।

দেখা শোনা ছোঁয়া
দেখা শোনা ছোঁয়া নয়
আগোচরে প্রেম প্রেম নয় ।
তথাপি হৃদয় জানে
জনতার মাঝখানে
পাঁচ ফুট নির্জনতা
খালি পড়ে আছে
তার খুব কাছে ।

(read my translation in the online version of the unsevered tongue)
others: tabuo shone rAtridin, Urdhvamukh


amitabha mukerjee (mukerjee [at-symbol] gmail) 2012 Jan 11